
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে এই সফরের মধ্য দিয়ে ঢাকা-দিল্লির সম্পর্কের টানাপোড়েন কমবে কি না, সে বিষয়ে উত্তর ভবিষ্যতে খোঁজার পরামর্শও দেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এটাকে ঠিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনীতি- এই দৃষ্টিভঙ্গি থেকে না দেখাই উচিত হবে। বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, প্রতিবেশী দেশগুলোতেও এক ধরনের ইতিবাচক গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।” তিনি বলেন, দল-মত নির্বিশেষে দেশের মানুষের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও তাঁর প্রতি সম্মান ও গ্রহণযোগ্যতা ছিল, যা সবাই স্বীকার করে।
তিনি আরও বলেন, “তার মৃত্যু ও শেষকৃত্যে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, সফরটি সংক্ষিপ্ত হলেও তিনি পুরো অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এর বেশি কিছু অর্থ খোঁজার প্রয়োজন নেই।”
সফরকালে ঢাকা-দিল্লির মধ্যে কোনো বার্তা আদান-প্রদান হয়েছে কি না- এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “ওয়ান-টু-ওয়ান সেভাবে কোনো আলোচনা হয়নি। সেরকম সুযোগও সৃষ্টি হয়নি। অন্যান্য দেশের অতিথিরাও ছিলেন। পাকিস্তানের স্পিকারের সঙ্গেও তিনি সৌজন্য বিনিময় করেছেন। এগুলো কূটনৈতিক সৌজন্যতার অংশ।”
দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন কমাতে জয়শঙ্করের এই সফর ভূমিকা রাখবে কি না- এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এর উত্তর আপনাদের আগামীতে খুঁজতে হবে। আগামী দিনগুলোতে আপনারা দেখবেন কী হয়।”



































