সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ জানুয়ারি ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ১২ লাখ ১৯ হাজার


postal-vote-bd

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট নিবন্ধন করেছেন ১২ লাখ ১৯ হাজার ৬০ জন। এর মধ্যে ৫ লাখ ৩০ হাজার ৮৭০ জন বাংলাদেশ থেকে এবং বাকিরা অন্যান্য দেশ থেকে নিবন্ধন করেছেন।

এ ছাড়া নিবন্ধনকারীদের মধ্যে ১০ লাখ ৫২ হাজার ২৬৭ জন পুরুষ এবং ১ লাখ ৬৬ হাজার ৭৯১ জন নারী। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা পর্যন্ত ইসির ওয়েবসাইট থেকে এসব তথ্য পাওয়া গেছে।

এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটগ্রহণের দায়িত্বে নিয়োজিতরা ভোট দিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করতে হবে।

গত ১৯ নভেম্বর ২০২৫ থেকে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক সংবাদ ব্রিফিংয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।

বর্তমানে যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে—দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটাররা ভোট দিয়ে তা ফিরতি খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ৫০ লাখ প্রবাসী ভোটারকে পোস্টাল ভোট ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা নিয়ে কাজ করছে সংস্থাটি।