
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত খালেদা জিয়ার কবরে উপস্থিত হয়ে পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল সাড়ে দশটার দিকে জাইমা রহমান পরিবারের প্রায় ২০ জন সদস্যকে সঙ্গে নিয়ে জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তারা কিছু সময় নীরবে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
প্রায় দশ মিনিটের মতো সময় কবরস্থানে অবস্থান করার পর সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা ফিরে যান।
কবর জিয়ারতের সময় জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। ছিলেন বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী গৃহকর্মী ফাতেমাও।
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। দাফন কার্যক্রমে ছেলে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা অংশ নেন। এর আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর প্রতি ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
তার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে রেকর্ডসংখ্যক মানুষ অংশ নেন।



































