
ফাইল ছবি: সংগৃহীত
ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত ৯টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করতে পারেনি। রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশার কারণে চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, চারটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে এবং একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি আরও জানান, আবহাওয়া পরিস্থিতি উন্নত হলে সকাল ৯টার পর থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোকে পর্যায়ক্রমে ঢাকায় ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।
এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশে গত কয়েকদিন ধরে শীত ও ঘন কুয়াশার প্রভাব ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকালে জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের আবহাওয়ায় কুয়াশা ও শীতের প্রভাব অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে।




































