সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ জানুয়ারি ২০২৬, ৩:৪১ অপরাহ্ন
শেয়ার

ভুল স্বীকার না করলে আ. লীগকে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম


Shafiqul-Islam

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ নিজেদের ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই।

শুক্রবার সকালে মাগুরা শহরের নতুন বাজার এলাকার নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে এবং একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী। তিনি দাবি করেন, নির্বাচন প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিজেরাই নিজেদের অযোগ্য প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের ভুল স্বীকার করেনি। রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ অপরিহার্য হলেও দলটি তা করতে ব্যর্থ হয়েছে। অতীতের ভুল স্বীকার ছাড়া জনগণের আস্থা ফেরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস সচিব বলেন, কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, তবে তাদের রাজনীতি করার নৈতিক অধিকার থাকে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের কখনো ক্ষমা করবে না বলেও তিনি উল্লেখ করেন।

বিগত সময়ে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে বলে অভিযোগ করে শফিকুল আলম বলেন, স্বাধীনতার চেতনাকে ব্যবহার করে মানুষের অধিকার হরণ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থায় নিয়োগ দিয়ে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে।

এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের বিচার করা হবে এবং বিচারের জন্য তাদের দেশে আনা হবে।

এ সময় তার সঙ্গে সহকারী কমিশনার আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।