সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২ জানুয়ারি ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশজুড়ে বিশেষ দোয়া


prayer-Khaleda-Zia

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশজুড়ে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে ইমাম ও খতিবদের নেতৃত্বে মুসল্লিরা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এ সময় তার জান্নাতুল ফেরদৌস নসিব, পরকালীন মুক্তি এবং শোকাহত পরিবার-পরিজন ও অনুসারীদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়। দোয়ার সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে চোখের পানি মুছতে দেখা যায়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র রক্ষার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাত করেন মসজিদটির খতিব মাও. আব্দুল মালেক। এতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম খালেদা জিয়ার জন্য মোনাজাতে অশ্রু ঝরান সাধারণ মানুষ।

Prayer

এদিকে ইসলামিক ফাউন্ডেশন দেশব্যাপী এই বিশেষ দোয়া আয়োজনের আহ্বান জানিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থাটির সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিনের স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এ সময় দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অধীন সব দপ্তর ও কার্যালয়েও তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মসজিদভিত্তিক দোয়া অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন করতে স্থানীয় ইমাম ও মসজিদ কমিটির সঙ্গে সমন্বয়ের কথাও বলা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া মারা যান। পরে বুধবার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।