সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৩ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শেয়ার

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ


Trade Fair

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) আজ থেকে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ৪ নম্বর সেক্টরের স্থায়ী ভেন্যুতে মেলার এই ৩০তম আসরের জমকালো উদ্বোধন হবে।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মেলার আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে জানান, এবারের মেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ থেকে শুরু করে টিকিটিং ব্যবস্থা পর্যন্ত সবক্ষেত্রেই ডিজিটাল প্রযুক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীরা সরাসরি স্পট থেকে টিকিট কাটার পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করে কিউআর (QR) কোড স্ক্যান করার সুবিধা পাবেন।

ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে এবার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিআরটিসি’র ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি সুলভ মূল্যে যাতায়াতের জন্য যুক্ত হচ্ছে জনপ্রিয় রাইড শেয়ারিং সার্ভিস ‘পাঠাও’।

উল্লেখ্য, মেলাটি গত ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হওয়ায় উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

১৯৯৫ সাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে এই মেলা আয়োজিত হয়ে আসলেও ২০২২ সাল থেকে স্থায়ীভাবে পূর্বাচলের নিজস্ব ভেন্যুতে এটি অনুষ্ঠিত হচ্ছে। দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও রপ্তানি বাণিজ্যে গতি ফেরাতে মেলাটি বড় ভূমিকা রাখবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি ও বাণিজ্য মন্ত্রণালয়।