
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।
ইউনুচ আলী বলেন, সকল কাগজপত্র ঠিক থাকায় এবং তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় মো. শফিকুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
এ ছাড়া একই আসনে বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তবে সিপিবির আহাম্মদ সাজেদুল হক রুবেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
দলীয় মনোনয়নপত্র যথাযথ না হওয়ায় সিপিবির প্রার্থী রুবেল ছাড়াও বাংলাদেশ সুপ্রিম পার্টির মোবারক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী তানজিল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলেও জানিয়েছেন ইউনুচ আলী।
তিনি জানান, জাতীয় পার্টির শামসুল হকের মামলার তথ্য নিয়ে মনোনয়নপত্রের বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।
আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি।
প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।










































