
ছবি: সংগৃহীত
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তাঁর মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, অধিকার আদায়ে তিনি অবিচল থাকবেন।
শনিবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এই নেত্রী।
ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, মনোনয়ন বাতিলের খবরে অনেকেই উদ্বিগ্ন হয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। এ বিষয়ে তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, তাঁদের কার্যক্রম পূর্ণ উদ্যমে অব্যাহত রয়েছে।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মকানুন থাকা স্বাভাবিক। তবে সেই আইন ও বিধির প্রয়োগ হতে হবে ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক, যাতে প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পান।
তাসনিম জারা আরও বলেন, ‘যখন একজন প্রার্থীর পক্ষে মানুষের সমর্থন স্পষ্টভাবে প্রকাশ পায়, তখন ছোটখাটো কারিগরি বিষয় দেখিয়ে তাঁকে নির্বাচনের বাইরে রাখার চেষ্টা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ কারণে আমরা আজ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছি এবং অধিকার আদায়ে অবিচল থাকব।’
এর আগে শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।










































