
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি
ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত থাকার পর তা বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এর আগে মনোনয়নপত্রে কিছু অসামঞ্জস্যতার কারণে মান্নার মনোনয়ন সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে প্রাথমিক যাচাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা জানান, মনোনয়নপত্রের হলফনামা ও আয়কর রিটার্ন সংক্রান্ত তথ্যে অসামঞ্জস্যতা রয়েছে। এ অবস্থায় প্রার্থীর পক্ষ থেকে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার জন্য এক ঘণ্টা সময় চাওয়া হলে তা মঞ্জুর করা হয়।
পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর পুনরায় যাচাই-বাছাই করে মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসনের পাশাপাশি বগুড়া-২ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।










































