
ফাইল ছবি
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে কেউ সেই ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দেবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সংস্থাটি।
শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের জন্য এমন হুঁশিয়ারি দিয়েছে ইসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রতিটি ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোটের ছবি বা ভিডিও শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এর ফলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করা হবে।
ইসি আরও জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ও অনুষ্ঠিত হবে। প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা ডাকযোগে ভোটদানের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট প্রদানের এই ব্যবস্থায় ভোটাররা সাধারণ ভোটারদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দিতে পারবেন।
এ ঘটনায় ইসি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে। এনআইডি ব্লক হলে নাগরিকরা বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা থেকে বঞ্চিত হবেন। ইতোমধ্যে প্রায় ১৩ লাখ ভোটার দেশের বাইরে এবং দেশের ভেতর থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।



































