
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহ পুনর্ব্যক্ত করেন।
রোববার (৪ জানুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, টেলিফোনালাপে দুই নেতা পারস্পরিক সম্পর্কের সামগ্রিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং বাণিজ্য, কূটনীতি ও অন্যান্য খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন।
আলোচনায় এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতিও গুরুত্ব পায়। পরিবর্তিত আঞ্চলিক প্রেক্ষাপটে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর তারা গুরুত্ব আরোপ করেন।


































