
ফাইল ছবি
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ তারিখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকালে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে বিকেলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯ জানুয়ারি সকাল ১০টার পরিবর্তে বেলা ৩টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিন পার্বত্য জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হবে।
এর আগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে ২ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, পরীক্ষার্থীদের সুবিধা এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করার লক্ষ্যে সকাল নয়, বিকেলে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।



































