সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ জানুয়ারি ২০২৬, ৭:৪০ অপরাহ্ন
শেয়ার

সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ


EC Sanaullah

ফাইল ছবি

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হতে যাচ্ছে। আজকের মধ্যেই এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান। সভায় নির্বাচন কমিশনার বলেন, এখন থেকে সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে। নির্বাচন কমিশনে সব বাহিনী প্রধানদের নিয়ে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।

তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানের তিনটি প্রধান লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রথমত, নির্বাচন সামনে রেখে দেশে যেসব অবৈধ অস্ত্রের সরবরাহ রয়েছে, সেগুলো উদ্ধার করা। যেগুলো উদ্ধার করা সম্ভব হবে না, সেগুলো যেন কোনো ধরনের অপকর্মে ব্যবহার না হয়, সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তৃতীয়ত, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য নির্ধারিত আচরণবিধির বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটলে তা যৌথ বাহিনী তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোর নিরাপত্তা নিয়েও আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে এবং স্থল সীমান্ত ও সাগরপথে নজরদারি আরও জোরদার করতে হবে, যাতে কোনোভাবেই দুষ্কৃতকারীরা এসব পথ ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে।