
ঢাকা ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার রুটে নিয়মিত ফ্লাইট আগামী ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রমের প্রস্তুতি এবং বিদ্যমান উড়োজাহাজের দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমান সংশ্লিষ্ট সূত্র।
বিমান কর্মকর্তারা জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা–ম্যানচেস্টার রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে।
রোববার বিষয়টি নিশ্চিত করে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম বলেন, যাত্রীদের এ বিষয়ে অবগত থাকতে ঢাকা ও লন্ডনে বিমানের টিকিট বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬ অথবা +৮৮-০৯৬১০৯-১৩৬৩৬) কিংবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, উড়োজাহাজের স্বল্পতা, হজ ফ্লাইট পরিচালনার প্রস্তুতি, একাধিক উড়োজাহাজের দীর্ঘমেয়াদি মেইনটেনেন্স এবং নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করতেই সাময়িকভাবে এ রুটের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় রেখে ঢাকা–ম্যানচেস্টার রুটের পরিবর্তে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে বিকল্প ফ্লাইট সুবিধা দেওয়া হবে বলে জানান বোসরা ইসলাম। একই সঙ্গে ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ডসহ সংশ্লিষ্ট বিষয়ে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।


































