সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ জানুয়ারি ২০২৬, ৯:১২ অপরাহ্ন
শেয়ার

শিগগিরই দলের চেয়ারম্যান হবেন তারেক রহমান: মির্জা ফখরুল


fakrul

সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শিগগিরই দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং সিলেটের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা।

মির্জা ফখরুল বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষের মধ্যে ইতোমধ্যে আশা সৃষ্টি হয়েছে। নির্বাচনী পরিবেশ নিয়েও বিএনপির কোনো আশঙ্কা নেই। দীর্ঘ ১৫ বছর পর মানুষ প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাই সময়টা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও সুশাসন প্রতিষ্ঠার জন্য দেশের মানুষকে সচেতন হতে হবে। মব বা দলবদ্ধ সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, তাই সামাজিকভাবে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “বর্তমান সরকার কিছু প্রশংসনীয় সংস্কারমূলক উদ্যোগ নিয়েছে, তবে কার্যত এটি এখন কেয়ারটেকার সরকারের ভূমিকায় রয়েছে।”

মতবিনিময় সভায় দলের ভবিষ্যৎ রাজনৈতিক করণীয়, নির্বাচন প্রস্তুতি এবং সাংগঠনিক কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. এনামুল হক, এম এ মালিক। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।