
ছবি: সংগৃহীত
নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো নিরাপদ ভেন্যুতে আয়োজন করার জন্য আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বোর্ডের এক জরুরি সভার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিসিবি জানায়, গত ২৪ ঘণ্টায় ভারতে ম্যাচ আয়োজনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি তারা বিশদভাবে পর্যালোচনা করেছে। খেলোয়াড়, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় নিয়ে বোর্ড মনে করছে, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে দল পাঠানো নিরাপদ নয়।
বোর্ড আরও স্পষ্ট করেছে যে, এই নিরাপত্তা শঙ্কা শুধু খেলোয়াড়দের জন্য নয়, বরং পুরো দলীয় কর্মপরিবেশ ও কর্মকর্তাদের জন্যও ঝুঁকিপূর্ণ। বিসিবির মতে, প্রতিকূল পরিবেশে খেলা হলে তা দলের পারফরম্যান্স এবং টুর্নামেন্টের মর্যাদাকে ক্ষুণ্ণ করতে পারে। এই প্রেক্ষাপট বিবেচনা করেই আইসিসিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যে বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী, গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচের মধ্যে তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা।
বিসিবি আশা প্রকাশ করেছে যে, আইসিসি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত জানাবে, যাতে বাংলাদেশ দল একটি নিরাপদ ও উপযুক্ত পরিবেশে বিশ্বকাপে অংশ নিতে পারে।










































