
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দেশের ৩০০ আসনে মোট ১,৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ৭২৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ইসি জানায়, সারা দেশে ৩০০টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল ৩ হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ২ হাজার ৫৬৮ জন প্রার্থী।
গত ২৯ ডিসেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকে যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং অফিসাররা।
ইসির তথ্য অনুযায়ী, সর্বোচ্চ বৈধ মনোনয়ন ঢাকায় ৩০৯টি। ফরিদপুরে সর্বনিম্ন ৯৬টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।
এদিকে, ঢাকায় সর্বোচ্চ ১৩৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সবচেয়ে কম বাতিল করা হয়েছে বরিশালে ৩১টি।
যাচাই-বাছাই শেষে দেখা গেছে দুজন করে প্রার্থী রয়েছে নীলফামারী-৩, বগুড়া-৬, রাজশাহী-৪ ও ৫, পিরোজপুর-১, শেরপুর-২, নেত্রকোনা-৫, ঢাকা-২, চট্টগ্রাম-৩ আসনে।
তিনজন করে প্রার্থী আছেন ঠাকুরগাঁও-১, জয়পুরহাট-২, বগুড়া-২ ও ৭, রাজশাহী-১, ৩ ও ৬, সিরাজগঞ্জ-৩, মেহেরপুর-১ ও ২, যশোর-৬, মাগুরা-২, সাতক্ষীরা-৪, টাঙ্গাইল-৭, জামালপুর-১ ও ২, ময়মনসিংহ-৭, মানিকগঞ্জ-২, শরীয়তপুর-৩, হবিগঞ্জ-২, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-১ আসনে।
১০ জন বা তার বেশি প্রার্থী রয়েছেন নাটোর-১, সিরাজগঞ্জ-৬, খুলনা-১, ঢাকা-৫, ৭, ৯, ১২, ১৬, ১৭, গাজীপুর-২, নারায়ণগঞ্জ-৩ ও ৪, গোপালগঞ্জ-৩, মাদারীপুর-১, ব্রাহ্মণবাড়িয়া-১ ও ২, ৫ ও ৬, নোয়াখালী-৫ ও ৬ আসনে।


































