সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জানুয়ারি ২০২৬, ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার

‘জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতা শহীদ হওয়া এলাকার ওসিদের নামে মামলা করা হবে’


Boishommo

জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র–জনতা শহীদ হয়েছেন, সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলার পুলিশ সুপারসহ (এসপি) ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তালিকা চূড়ান্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয় হবিগঞ্জে সংগঠনের নেতা মাহদী হাসানকে ঘিরে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে।

রিফাত রশিদ জানান, সংগঠনটির দ্বিতীয় কর্মসূচি হিসেবে ইমডেমনিটি অর্ডিন্যান্স রাষ্ট্রপতির মাধ্যমে নিশ্চিত করতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে অবিলম্বে মতবিনিময় করা হবে। প্রয়োজনে চাপ সৃষ্টি করে হলেও অধ্যাদেশ জারি করতে সরকারকে বাধ্য করা হবে। তিনি বলেন, ‘আজ থেকেই এ কার্যক্রম শুরু হয়েছে। কোনো তালবাহানা নয়, আমরা সরাসরি অ্যাকশনের দিকে যাচ্ছি।’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- হবিগঞ্জের নেতা মাহদী হাসানকে শুধু জামিন নয়, নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে; জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে।

এ ছাড়া জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা, নৌ ও বিমানবাহিনীসহ সামরিক, আধাসামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অবদান ইতিহাসে লিপিবদ্ধ করে তাঁদের সম্মাননা, স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে হয়রানি বন্ধে একটি স্থায়ী কমিশন গঠন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি থেকে ফ্যাসিবাদের কারণে পদোন্নতিবঞ্চিত সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি ও গুরুত্বপূর্ণ সংবেদনশীল পদে পদায়নের দাবি করা হয়।

মাহদী হাসানের জামিন প্রসঙ্গে রিফাত রশিদ বলেন, ‘মাহদীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হয়নি, একটি মামলায় কেবল জামিন দেওয়া হয়েছে। ফলে আমাদের প্রথম দাবি এখনো পূরণ হয়নি। এই দাবিতে আমরা লড়াই চালিয়ে যাব।’

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।