
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করা এক জনমত জরিপে দেখা গেছে প্রায় ৭০ শতাংশ মানুষ আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চার। জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন জানিয়েছেন ১৯ শতাংশ উত্তরদাতা।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি) এই জরিপটি পরিচালনা করে। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপের ফলাফল তুলে ধরেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।
তিনি জানান, দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ২০ হাজার ৪৯৫ জনের মতামত নেওয়া হয়েছে। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে জরিপ কার্যক্রম সম্পন্ন হয়।
জরিপে ‘আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন’—এই প্রশ্নে ৭০ শতাংশ উত্তরদাতা বিএনপির নাম উল্লেখ করেন। জামায়াতে ইসলামীর পক্ষে মত দেন ১৯ শতাংশ। এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেন ২ দশমিক ৬ শতাংশ মানুষ, আর অন্যান্য রাজনৈতিক দলের প্রতি সমর্থন জানান ৫ শতাংশ। মাত্র ০ দশমিক ২ শতাংশ উত্তরদাতা ভোট দেওয়ার আগ্রহ নেই বলে জানান।
আরও জানতে চাওয়া হয়, কোন দল সরকার গঠন করতে পারে— ৭৭ শতাংশ মানুষ মনে করেন, বিএনপিই সরকার গঠন করবে। ১৭ শতাংশের ধারণা, জামায়াতে ইসলামী ক্ষমতায় যেতে পারে। এক শতাংশের একটু বেশি উত্তরদাতা এনসিপির সম্ভাবনার কথা বলেন।
‘কে জিততে পারে’—এই প্রশ্নে ৭৪ শতাংশ উত্তরদাতা বিএনপির বিজয়ের সম্ভাবনা দেখেছেন। ১৮ শতাংশ মনে করেন জামায়াতে ইসলামী জয়ী হতে পারে। এনসিপির জয়ের সম্ভাবনা দেখেছেন ১ দশমিক ৭ শতাংশ, আর এক শতাংশের কিছু বেশি মানুষ জাতীয় পার্টির কথা উল্লেখ করেছেন।
এ ছাড়া, গত নির্বাচনে কাকে ভোট দিয়েছেন বা দেওয়ার ইচ্ছা ছিল—এই প্রশ্নে ৩৫ শতাংশ জানান তারা বিএনপিকে ভোট দিতে চেয়েছিলেন। ২৭ শতাংশ বলেন, তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ৫ শতাংশের বেশি উত্তরদাতা।


































