সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৭ অপরাহ্ন
শেয়ার

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশের উদ্বেগ


Foreign Ministry

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং দেশটিতে উদ্ভূত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার সাম্প্রতিক ও নজিরবিহীন ঘটনাপ্রবাহ বাংলাদেশ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা ভেনেজুয়েলায় ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করে। আটক হওয়ার পরপরই তাঁদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যে কোনো দেশের অভ্যন্তরীণ সংকট ও আন্তর্জাতিক বিরোধ নিরসনে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা ও সংলাপের ওপর গুরুত্ব দেয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে- শান্তি, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সব ধরনের বিরোধের টেকসই সমাধান সম্ভব।