মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ জানুয়ারি ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন
শেয়ার

ইসিতে তাসনিম জারার আপিল, আইনি লড়াইয়ের ঘোষণা


Tasnim zara

বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপি থেকে পদত্যাগ করা চিকিৎসক ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

সোমবার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ঢাকা অঞ্চলের বুথে আপিল আবেদন শেষে সাংবাদিকদের তিনি বলেন, মনোনয়নপত্র গ্রহণ না হওয়ায় আপিল করা হয়েছে এবং বৈধতা পেতে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

ডা. তাসনিম জারা দাবি করেন, স্বল্প সময়ের মধ্যে হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পক্ষে স্বাক্ষর ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত হয়েছেন। এই জনসমর্থনের প্রতি সম্মান জানিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার লড়াই চালিয়ে যাবেন বলে জানান।

এদিকে তার আইনজীবী আরমান হোসেন বলেন, আপিলে আইনি বিজয়ের বিষয়ে তারা আশাবাদী এবং তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

এর আগে শনিবার ঢাকা জেলার রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেন। তিনি জানান, নির্ধারিত ১ শতাংশ ভোটারের চেয়ে অতিরিক্ত স্বাক্ষর জমা দিলেও যাচাই প্রক্রিয়ায় দুইজন ভোটার ওই আসনের না হওয়ায় মনোনয়ন বাতিল হয়।