
দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। দলটির দাবি, প্রশাসনের ভেতরে কিছু সরকারি কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে কাজ করছেন। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক নেতা-কর্মীদের হত্যার ঘটনাও উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সংগঠনের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জানানো হয়, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো চক্রান্ত বা গোষ্ঠীর হাতে জিম্মি হতে দেওয়া যাবে না।
এসময় নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য নির্বাচন কমিশন ও সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।








































