মঙ্গলবার । মার্চ ১০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৫ জানুয়ারি ২০২৬, ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার

জামায়াতের সঙ্গে জোট: এনসিপি ছেড়ে বিএনপিতে ৩০০ নেতাকর্মী


ncp-bnp

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোটের সিদ্ধান্তকে কেন্দ্র করে খাগড়াছড়িতে এনসিপি ছেড়ে তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভুইয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন করেন।

যোগদানকারীদের মধ্যে ছিলেন বিপ্লব কুমার ত্রিপুরা। তিনি জানান, তারা আগে কঠোর পরিশ্রমে খাগড়াছড়িতে এনসিপিকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দলটি গণঅভ্যুত্থানের চেতনা উপেক্ষা করে জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনি জোট করায় তারা হতাশ ও সংক্ষুব্ধ হয়েছেন। তিনি আরও বলেন, “পাহাড়ের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ওয়াদুদ ভুইয়ার কোনো বিকল্প নেই। সেই বিশ্বাসে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে আমরা বিএনপিতে এসেছি।”

নবাগত নেতাদের স্বাগত জানিয়ে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভুইয়া বলেন, “কিছুটা দেরি হলেও তারা রাজনীতির ময়দানে সঠিক দিশা খুঁজে পেয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণে তাদের এই যোগদান পাহাড়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শহরের কলাবাগানস্থ বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এমএন আবছারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দল থেকে বিএনপিতে যোগদানের হিড়িক দেখা গেছে। এর আগে গত ২৪ নভেম্বর শিবিরের সাবেক জেলা সাধারণ সম্পাদকের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী ছাত্রদলে যোগ দিয়েছিলেন। সব মিলিয়ে জেলায় কয়েক সপ্তাহের মধ্যে সহস্রাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন, যা আসন্ন নির্বাচনে ওয়াদুদ ভুইয়ার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।