
আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ।। ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) অংশগ্রহণের বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, অতীতে ফ্যাসিবাদী শাসনের সহযোগী হিসেবে ভূমিকা রাখায় জাতীয় পার্টিকে নির্বাচনের মাধ্যমে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টিকে নির্বাচনী প্রক্রিয়ায় রাখার বিষয়ে এনসিপির স্পষ্ট আপত্তি রয়েছে। নির্বাচন কমিশনকে এ অবস্থান পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং আগেও দলটি জানিয়েছে—ভোটের মাধ্যমে জাপার কোনো ধরনের রাজনৈতিক পুনর্বাসন তারা সমর্থন করে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কমিশন তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছে এবং জানিয়েছে যে, আইন ও বিধিমালার আওতায় থেকে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দলটির ২২৪ জন প্রার্থীর মধ্যে ৫৭ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ফলে বর্তমানে দলটির বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৭ জন।










































