সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৭ জানুয়ারি ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
শেয়ার

সংগীত বিভাগে একটি ভোটও পাননি শিবিরের জিএস-এজিএস প্রার্থী


JOCSU-Election

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় সংগীত বিভাগ কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা চরম ভরাডুবির মুখে পড়েছেন। এ কেন্দ্রে জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থীরা কোনো ভোটই পাননি, আর ভিপি প্রার্থী পেয়েছেন মাত্র চার ভোট।

বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কানিজ ফাতেমা কাকলি।

ঘোষিত ফলাফলে ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ১২৫ ভোট। তার বিপরীতে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মাত্র ৪ ভোট।

জিএস পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৮ ভোট, আর শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন শূন্য ভোট। একইভাবে এজিএস পদে ছাত্রদল সমর্থিত আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৮ ভোট, যেখানে শিবির সমর্থিত মাসুদ রানা কোনো ভোটই পাননি।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রায় দুই দশক পর মঙ্গলবার প্রথমবারের মতো জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যারা বিভিন্ন বিভাগে স্থাপিত ৩৯টি কেন্দ্রে ভোট দেন।