রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ জানুয়ারি ২০২৬, ৬:২৭ অপরাহ্ন
শেয়ার

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন


Salahuddin

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়নবঞ্চিত ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। অনেক ক্ষেত্রে তাদের ডেকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলে বহু যোগ্য প্রার্থী থাকেন। প্রত্যাশা অনুযায়ী মনোনয়ন না পাওয়ায় কারও কারও মধ্যে অসন্তোষ থাকতে পারে। তবে বৃহত্তর স্বার্থে সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে গিয়ে অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। এসব বিষয়ে কোথাও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আবার কোথাও বোঝানোর মাধ্যমে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব বিষয়ের মীমাংসা হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে তিনি বলেন, এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কোনো আশঙ্কা নেই। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করাই এ সফরের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, ২০২৪ সালের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ না করে শহীদদের আত্মত্যাগকে জাতীয়ভাবে আরও মহিমান্বিত করতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান, তাহলে সেই অভ্যুত্থানের চেতনা আরও শক্তভাবে ধারণ করা হবে।