
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। তিনি দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমনের ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকার একটি গলিতে আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মুছাব্বির হত্যাকাণ্ড সেই অপতৎপরতার নির্মম বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, যার প্রমাণ এই হত্যাকাণ্ড। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব সহিংসতা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে চরম ঝুঁকির মধ্যে ফেলছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।
রাষ্ট্রকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।
শোক বিবৃতিতে তিনি মুছাব্বির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।









































