রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ন
শেয়ার

১৮ জানুয়ারি চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান


tarek-rahman

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার হয়ে চট্টগ্রাম সফরে যাচ্ছেন। তবে এই সফরে আপাতত তাঁর কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানিয়েছে দলীয় সূত্র।

চট্টগ্রাম নগর বিএনপির আয়োজনে ওই দিন বিকেলে নগরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তারেক রহমান তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে অংশ নেবেন।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, ১৮ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছাবেন। সেখানে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। পরে কক্সবাজার থেকে সড়কপথে তিনি চট্টগ্রামে যাবেন।

নাজিমুর রহমান আরও বলেন, সফরের অংশ হিসেবে ১৮ জানুয়ারি রাত তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন। তবে ১৯ জানুয়ারির কোনো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত হয়নি। এ ছাড়া সফরে তাঁর সঙ্গে কারা থাকবেন, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, শহীদ ওয়াসিম আকরামের বাড়ি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায়। তাঁর কবর জিয়ারতের মাধ্যমেই তারেক রহমানের এবারের সফর শুরু হবে।

সর্বশেষ ২০০৫ সালে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগে অংশ নিতে চট্টগ্রাম গিয়েছিলেন তারেক রহমান। সে হিসাবে প্রায় দুই দশক পর তিনি আবার চট্টগ্রাম সফরে আসছেন।