রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ জানুয়ারি ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শেয়ার

নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ: মির্জা ফখরুল


Fakhrul

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। রাজনৈতিক নেতাকর্মীদের হত্যাকাণ্ড বাড়লেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “যে হারে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক নেতাকে খুন করা হয়েছে, তাতে আমি সন্তুষ্ট নই। আমরা নিন্দা জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

বিশ্ববিদ্যালয় নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় অন্য ছাত্রসংগঠনের কর্মীরা সক্রিয় থাকলেও ছাত্রদলের নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রম চালাতে পারেননি।

উত্তরাঞ্চলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সফরকে ‘ব্যক্তিগত’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ঢাকায় তার আগমনে লাখো মানুষের জমায়েত প্রমাণ করে জনগণের মধ্যে ব্যাপক উদ্দীপনা রয়েছে।

তিনি জানান, তারেক রহমান শহীদ আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়া বগুড়া, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে বিভিন্ন শহীদের কবর জিয়ারত এবং বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন।

একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও গণভোটে ‘না’ বলার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। বলেন, “যে সংস্কারগুলো নিয়ে গণভোট হচ্ছে, সেগুলো বিএনপি বহু আগেই ২০১৬ ও ২০২৩ সালে ৩১ দফা কর্মসূচির মাধ্যমে প্রস্তাব করেছে।”

নিরাপত্তা জ্যাকেট পরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “এ নিয়ে অনেক ফেক ভিডিও ছড়ানো হচ্ছে। আমি বিএনপির সেক্রেটারি জেনারেল, আমার কোনো ভেস্ট নেই। কেউ কেউ নিরাপত্তার কারণে নিতে পারেন।”

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি আবু তাহের দুলালসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।