বুধবার । মার্চ ১৮, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জানুয়ারি ২০২৬, ৬:১৫ অপরাহ্ন
শেয়ার

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত, নির্দেশনা জারি


Tofshil Election

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের প্রেক্ষিতে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ভোট গ্রহণ বন্ধ থাকবে।

শনিবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৬ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়ে নির্বাচন স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনি এলাকা ৬৮ (পাবনা-১) ও ৬৯ (পাবনা-২) আসনের সীমানা সংক্রান্ত সিএমপি আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই আসনের ভোটগ্রহণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

এর আগে শুক্রবার এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক তা অস্বীকার করেন। তিনি বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিতের বিষয়ে ইসির কোনো সিদ্ধান্ত হয়নি- এমন সংবাদ সঠিক নয় এবং প্রচার বন্ধ রাখার অনুরোধ জানান।

তবে শনিবার বিকেলে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘হাইকোর্টের নির্দেশ আমরা পেয়েছি। কিছু তথ্যগত অসম্পূর্ণতা ছিল। তা সংশোধন করে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।’

শুক্রবার সংবাদ প্রকাশের পর ইসি কেন তা অস্বীকার করেছিল- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গতকাল মুখে যা বলা হয়েছিল, সেটাই আজ লিখিতভাবে জানানো হলো। গতকালের কথা আজ তোলার দরকার নেই।’