
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর ফার্মগেটের শহীদ আনোয়ারা উদ্যান এখন জনসাধারণের। মেট্রোরেলের নির্মাণকাজে ব্যবহারের জন্য দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর গতকাল শুক্রবার উদ্যানটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)। শুক্রবারই উদ্যানটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন।
উদ্যানটি খুলে দেওয়া হলেও এর পূর্ব পাশে এখনো মেট্রোরেল কর্তৃপক্ষের বেশ কিছু স্থাপনা রয়ে গেছে। পশ্চিম পাশের খোলা জায়গায় ছড়িয়ে আছে ভাঙা কংক্রিট, এবড়োথেবড়ো মাটি আর গর্ত। ফলে উদ্যানটি এখনই খেলাধুলা বা স্বাচ্ছন্দ্যে হাঁটাচলার জন্য পুরোপুরি উপযোগী হয়ে ওঠেনি। তবে সিটি করপোরেশন জানিয়েছে, সাধারণ মানুষ চাইলে আজ থেকেই এই উন্মুক্ত স্থানটি ব্যবহার শুরু করতে পারবে।
উদ্যান হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, “আমরা উদ্যানের ফটকগুলো খুলে দিয়েছি। এলাকার লোকজন এখনই চাইলে এখানে আসতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই মেট্রোরেলের বাকি স্থাপনাগুলো সরিয়ে জায়গাটি আমাদের বুঝিয়ে দেওয়া হবে। এরপর সিটি করপোরেশন পুরো মাঠ সমান করে দেবে।”

তিনি আরও জানান, উদ্যানটি নিয়ে বড় ধরনের একটি মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) হাতে নেওয়া হয়েছে। এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিডিও তৈরি। বাজেট অনুমোদন পেলেই এখানে সবুজায়ন, জলাধার রক্ষা, আধুনিক মাঠ এবং শিশুদের জন্য বিশেষ খেলার জায়গা নির্মাণের কাজ শুরু হবে।
ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আশ্বাস দিয়েছেন যে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে উদ্যানের ভেতরে প্রকল্পের সব কাজ শেষ করা হবে। এর মাধ্যমে পুরো জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে জনসাধারণের জন্য শতভাগ উপযোগী করে তোলা হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে এই উদ্যানের জায়গায় একটি বহুতল ‘স্টেশন প্লাজা’ নির্মাণের পরিকল্পনা করেছিল ডিএমটিসিএল। তবে স্থানীয় বাসিন্দা, নগরবিদ ও পরিবেশবাদীদের তীব্র আন্দোলনের মুখে সেই পরিকল্পনা বাতিল হয়। পরিবেশ রক্ষা ও জনগণের অধিকার আদায়ের সেই লড়াইয়ের পর আজ উদ্যানটি ফিরে পাওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।



































