শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
শেয়ার

৫২ আপিল মঞ্জুর, ১৫টি নামঞ্জুর করল নির্বাচন কমিশন


Election Commission

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে করা ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে এবং তিনটি আপিলের শুনানি মুলতবি রাখা হয়েছে।

শনিবার আপিল শুনানি শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মুলতবি রাখা তিনটি আপিলের মধ্যে একটি আগামী রোববার বিকেল ৫টা পর্যন্ত এবং বাকি দুটি ১৬ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে। তথ্যগত কিছু অসংগতি থাকায় এসব আপিলের শুনানি পিছিয়েছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, মঞ্জুর হওয়া ৫২টি আপিলের মধ্যে ৫১টি ছিল মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে। ফলে ইসির রায়ে ৫১ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা একটি আপিল মঞ্জুর হওয়ায় একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে।

শনিবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন আপিল শুনানি শুরু করে। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলে।

শুনানিতে আপিলকারী ও তাদের আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধিরা মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের কারণ ব্যাখ্যা করেন। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারায় অনেক প্রার্থী প্রার্থিতা ফিরে পান, আর যাঁরা তা পারেননি, তাঁদের প্রার্থিতা বাতিল থাকে।

ইসি সূত্র জানায়, শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি হয়েছে। রোববার ৭১ থেকে ১৪০, সোমবার ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। গত ৪ জানুয়ারি ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ এবং ৭২৩টি বাতিল ঘোষণা করা হয়।