শুক্রবার । জানুয়ারি ১৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ জানুয়ারি ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন
শেয়ার

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ


Montri porishodh bivag

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সব সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং সংশ্লিষ্ট ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। এর আগে ৫ জানুয়ারি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার–সংক্রান্ত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এ গুরুত্বপূর্ণ গণভোট সম্পর্কে ভোটারদের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়, নির্বাচন পর্যন্ত সব সরকারি পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্রে গণভোটের লোগো ব্যবহার করতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধানদের উদ্যোগে দুটি করে খাড়া (ভার্টিক্যাল) ব্যানার অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে, যাতে সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের কাছে প্রচারণা পৌঁছে যায়।

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।