সোমবার । মার্চ ২৩, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক জাতীয় ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শেয়ার

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে দ্বিতীয় পর্বের ভোটগ্রহণ চলছে


mayanmar-election

ছবি: সংগৃহীত

গৃহযুদ্ধে বিপর্যস্ত মিয়ানমারে সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পাঁচ বছরের মধ্যে প্রথম সাধারণ নির্বাচনের তিন ধাপের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (১১ জানুয়ারি) সকাল থেকে ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর এটিই দেশটিতে প্রথম জাতীয় নির্বাচন। চলমান সংঘাত, সহিংসতা ও তীব্র নিরাপত্তা সংকটের মধ্যেই এই ভোট অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণ হয়। সেখানে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৫২ শতাংশ, যা আগের নির্বাচনগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের মূল লক্ষ্য ক্ষমতাসীন সামরিক জান্তাকে রাজনৈতিক বৈধতা দেওয়া। প্রথম ধাপে পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২টি আসনে ভোট হয়। এর মধ্যে সামরিক সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ৯০টি আসনে জয় পায়।

আগামী ২৫ জানুয়ারি নির্বাচনের চূড়ান্ত ধাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে দেশের বহু এলাকায় ভোটগ্রহণ সম্ভব হচ্ছে না। সামরিক বাহিনীর তথ্যমতে, ৩৩০টি টাউনশিপের মধ্যে অন্তত ৫৬টিতে ভোট হবে না এবং প্রায় এক-তৃতীয়াংশ এলাকা পুরোপুরি নির্বাচনের বাইরে থাকছে।

জাতিসংঘ, পশ্চিমা দেশ ও মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করে আসছে। বিরোধী দলগুলোর অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন নিয়ে সমালোচনা করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিসসহ প্রায় ৪০টি রাজনৈতিক দল নিষিদ্ধ, আর সু চি ও দলের বহু নেতা বর্তমানে কারাবন্দি বা নির্বাসনে রয়েছেন।

পর্যবেক্ষকদের ধারণা, চীনের সমর্থনপুষ্ট সামরিক জান্তা সরকার এই নির্বাচনের মাধ্যমে নিজেদের বৈধতা প্রতিষ্ঠা করে ক্ষমতা আরও সুসংহত করতে চাইছে।