সোমবার । মার্চ ২৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১১ জানুয়ারি ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
শেয়ার

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল, মানতে হবে নতুন গাইডলাইন


hajj-flight

ফাইল ছবি

চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা এবং ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

রোববার (১১ জানুয়ারি) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ধর্ম মন্ত্রণালয় হজ এজেন্সির মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইনসের কাছে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে জানানো হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজ মৌসুমে আগামী ১৮ এপ্রিল থেকে প্রি-হজ ফ্লাইট কার্যক্রম শুরু হবে। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, একই সার্ভিস কোম্পানির আওতাভুক্ত হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া ‘হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬’ অনুযায়ী প্রত্যেক হজ এজেন্সিকে তাদের মোট হজযাত্রীর অন্তত ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী পর্যায়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রথম ও শেষ পর্যায়ে অবশিষ্ট হজযাত্রীর ৩০ থেকে ৫০ শতাংশ পাঠানোর বিধান রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আরও জানিয়েছে, কোনো এজেন্সির ক্ষেত্রে প্রি-হজ ফ্লাইটের প্রথম বা শেষ পর্যায়ে ৩০ শতাংশের কম কিংবা ৫০ শতাংশের বেশি বিমান টিকিট ইস্যু করা যাবে না।

এই অবস্থায়, এক সার্ভিস কোম্পানির হজযাত্রীদের একই ফ্লাইটে সৌদি আরবে পাঠানো নিশ্চিত করা এবং নির্ধারিত অনুপাত অনুযায়ী টিকিট ইস্যুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট এজেন্সি ও এয়ারলাইনসগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।