
ফাইল ছবি
পোস্টাল ব্যালটের মাধ্যমে যারা ভোট দেবেন, তাদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের মাধ্যমেই ব্যালট ফেরত পাঠাতে হবে। অন্য কোনো মাধ্যমে পাঠানো হলে সেই ভোট গ্রহণযোগ্য হবে না। সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত ভোটারদের জানানো যাচ্ছে যে, পোস্টাল ব্যালট অবশ্যই সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগের চ্যানেলের মাধ্যমে প্রেরণ করতে হবে। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড ও ট্র্যাকিং ব্যবস্থা সংযুক্ত রয়েছে, যা ব্যালটের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করবে।
নির্বাচন কমিশন আরও জানায়, বাংলাদেশ ডাক বিভাগের চ্যানেল ব্যতীত অন্য কোনো চ্যানেলের মাধ্যমে প্রেরিত পোস্টাল ব্যালট রিটার্নিং অফিসাররা গ্রহণ করবেন না।
এবারই প্রথমবারের মতো প্রবাসী ভোটার, ভোটগ্রহণে দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কয়েদিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ইসির তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে বসবাসরত ভোটার রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪১ জন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ জানুয়ারি। তবে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে ২১ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত।











































