বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৩ জানুয়ারি ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন
শেয়ার

মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ বাংলাদেশের


Foreign Ministry

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের দিক থেকে গুলিবর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে বাংলাদেশ সরকার। সোমবার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো হয়।

ঘটনায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাছে সীমান্ত এলাকায় ১২ বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জানানো হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই সীমান্তের এ ধরনের গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দুই প্রতিবেশী দেশের বিদ্যমান সুসম্পর্কের জন্য ক্ষতিকর। বাংলাদেশ এ ঘটনার পূর্ণ দায় মিয়ানমারকে নিতে আহ্বান জানিয়ে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়।

বাংলাদেশ আরও স্পষ্ট করে জানায়, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে যে পরিস্থিতিই থাকুক না কেন, তার প্রভাব যেন বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন ও জীবিকায় না পড়ে—এ বিষয়টি নিশ্চিত করা মিয়ানমারের দায়িত্ব।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন।