সোমবার । এপ্রিল ১৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ জানুয়ারি ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
শেয়ার

ঢাকা-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের আব্দুল হক


abdul-haque

কর্নেল (অব.) আব্দুল হক। ছবি: সংগৃহীত

আইনি লড়াই শেষে ঢাকা-২ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক। নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের পর মঙ্গলবার (১৩ জানুয়ারি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে আব্দুল হকের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নথিপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেয়।

এর আগে, গত ৩ জানুয়ারি প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় ঢাকার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম কারিগরি ত্রুটির কারণে আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তবে ওই দিনই একই আসনে বিএনপির প্রার্থী আমানউল্লাহ আমানসহ অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের এই প্রার্থী।

চার লাখ ১৯ হাজার ২১৫ জন ভোটারসংবলিত ঢাকা-২ আসনে এখন তিন প্রধান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত হলো। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান, জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী কর্নেল (অব.) আব্দুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম।

নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তে ঢাকা-২ আসনের নির্বাচনী লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।