বৃহস্পতিবার । জুন ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৪ জানুয়ারি ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা


travel

ফাইল ছবি

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় উন্নতি করেছে বাংলাদেশ। হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ (জানুয়ারি সংস্করণ) অনুযায়ী, পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম। এর ফলে বাংলাদেশি নাগরিকরা বর্তমানে ৩৭টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারস এই সূচক প্রকাশ করে। ১০১টি দেশের তালিকায় আগেরবার বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত সূচকের তুলনায় এবার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ এর তথ্যের ভিত্তিতে প্রতিবছর এই পাসপোর্ট সূচক তৈরি করে।

হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, আগাম ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে ভ্রমণ করতে পারবেন, সেগুলো হলো— বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে আইল্যান্ডস, কোমোরো আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জ্যামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, মোজাম্বিক, নেপাল, নিউয়ে, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনস, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, তিমুর-লেস্তে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, টুভালু ও ভানুয়াতু।

এর মধ্যে কয়েকটি দেশে বিমানবন্দরে পৌঁছানোর পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা রয়েছে এবং কিছু দেশের ক্ষেত্রে ই-ভিসা নিতে হয়।

চলতি বছরের সূচকে শীর্ষ তিনটি শক্তিশালী পাসপোর্টই এশিয়ার দেশগুলোর। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর। যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। সূচক অনুযায়ী, সিঙ্গাপুরের নাগরিকরা বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ১৯২টিতে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। আর জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা ভিসামুক্তভাবে যেতে পারেন ১৮৮টি গন্তব্যে।

নতুন সূচকে বাংলাদেশের অবস্থান উন্নত হওয়ায় আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের জন্য কিছুটা হলেও সুযোগ ও স্বস্তি বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।