শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
শেয়ার

অধ্যাদেশ অনুমোদন, দায়মুক্তি পাচ্ছেন জুলাই গণ-অভ্যুত্থানকারীরা


July-Uprising

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানকারীদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে একটি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিষয়টি জানান। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানকারীদের কাছে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, তা বাস্তবায়নের অংশ হিসেবেই এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশের মাধ্যমে এটি আইনে পরিণত হবে।

আসিফ নজরুল জানান, ২০২৪ সালের জুলাই ও আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতন এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংঘটিত কার্যাবলির জন্য জুলাই গণ-অভ্যুত্থানকারীদের ফৌজদারি দায়মুক্তি দেওয়া হয়েছে। এ সময় সংঘটিত কার্যক্রমের কারণে যদি কোনো মামলা হয়ে থাকে, সেগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে নতুন মামলা দায়ের করা যাবে না।

Asif-Nazrul

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ছবি: সংগৃহীত

তবে কোন ঘটনা রাজনৈতিক প্রতিরোধের অংশ ছিল আর কোনটি ব্যক্তিগত বা সংকীর্ণ স্বার্থে সংঘটিত হয়েছে—সে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। কোনো ভুক্তভোগী পরিবার মনে করলে যে হত্যাকাণ্ড বা অপরাধটি রাজনৈতিক প্রতিরোধের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তারা কমিশনের কাছে অভিযোগ করতে পারবেন। কমিশন তদন্ত করে রিপোর্ট দেবে, যা আদালতে পুলিশের তদন্ত প্রতিবেদনের মতোই গণ্য হবে।

আইন উপদেষ্টা বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের ধারাবাহিকতায় ঘটেছে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কোনো দায়দায়িত্ব থাকবে না।