
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন সমঝোতার ঘোষণা দেওয়া হয়েছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ আসনের মধ্যে ২৫৩টি আসনে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করা হবে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাচ্ছে ৩০টি আসন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী দেবে।
তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপা ও খেলাফত আন্দোলনের জন্য কোন আসনে প্রার্থী দেওয়া হবে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
এদিকে এনসিপির জন্য ৩০টি আসনের ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত ২৭টি আসনের নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পঞ্চগড়-১, দিনাজপুর-৫, রংপুর-৪, কুড়িগ্রাম-২, নাটোর-৩, সিরাজগঞ্জ-৬, পিরোজপুর-৩, টাঙ্গাইল-৩, ময়মনসিংহ-১১ ও মুন্সিগঞ্জ-২।
ঢাকা মহানগরীর বেশ কয়েকটি আসনেও এনসিপি নির্বাচন করবে। সেগুলোর মধ্যে ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১১, ঢাকা-১৮, ঢাকা-১৯ ও ঢাকা-২০ উল্লেখযোগ্য। এছাড়া গাজীপুর-২, নরসিংদী-২, ব্রাহ্মণবাড়িয়া-২, কুমিল্লা-৪, নোয়াখালী-২ ও ৬, লক্ষ্মীপুর-১, চট্টগ্রাম-৮, বান্দরবান, নারায়ণগঞ্জ-৪ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনেও দলটির প্রার্থী থাকবে।
জোটের নেতারা জানিয়েছেন, বাকি আসনগুলোর বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।















































