
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় হয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকা-৮ আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে মন্তব্য করেন মেঘনা আলম।
স্ট্যাটাসে তিনি লেখেন, “মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসীরুদ্দীন পাটওয়ারী আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো, আরও শেখো!”
পোস্টের শেষাংশে তিনি আরও উল্লেখ করেন, “ঢাকা-৮ এ সময় এখন মেঘনা আলমের।”
এদিকে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিলেন এই মডেল। গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন তিনি। একই দিনে ঢাকা-৮ আসনের জন্য দলটির মনোনয়ন ফরমও সংগ্রহ করেন মেঘনা আলম।
রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হিসেবে তার এই আগ্রহ ও মন্তব্য নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।















































