বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৬ জানুয়ারি ২০২৬, ৬:২৪ অপরাহ্ন
শেয়ার

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ


npa

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস (এনপিএ)–এর আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনুষ্ঠানিকভাবে এই প্ল্যাটফর্মের যাত্রা ঘোষণা করা হয়।

পাঁচটি মূলনীতি এবং সাতটি লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে কার্যক্রম শুরু করেছে এনপিএ। এ সময় প্ল্যাটফর্মটির অন্যতম উদ্যোক্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহ জানান, এনপিএর কেন্দ্রীয় কাউন্সিল হবে ১০১ সদস্যবিশিষ্ট। এর মধ্যে ৯৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। বাকি সদস্যদের নাম পরামর্শের মাধ্যমে পরবর্তীতে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ঘোষিত সদস্যদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা অনিক রায়, অলীক মৃ, তুহিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, অধিকারকর্মী ফেরদৌস আরা রুমি ও তাসলিমা মিজি প্রমুখ।

অনুষ্ঠানে প্ল্যাটফর্মের ঘোষণাপত্র পাঠ করেন ফেরদৌস আরা রুমি, তুহিন খান ও নাজিফা জান্নাত। এ সময় নাজিফা জান্নাত বলেন, এনপিএ পাঁচ মূলনীতির ভিত্তিতে পরিচালিত হবে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ–প্রকৃতি–পরিবেশ সুরক্ষা এই প্ল্যাটফর্মের মূল আদর্শ।

উল্লেখ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর এ পর্যন্ত দেশে ২৮টির বেশি নতুন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।