শনিবার । মে ৯, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৭ জানুয়ারি ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু


tamim-mia

নিহত তামিম মিয়া

মালয়েশিয়ার শাহ আলম শহরে নির্মাণাধীন একটি বহুতল ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে তামিম মিয়া (২৬) নামে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের মামা কাজল মাহমুদ বাপ্পি। নিহত তামিম মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার বাসিন্দা এবং হারুন মিয়ার ছেলে।

পরিবারের বরাতে জানা যায়, জীবিকার তাগিদে ২০১৯ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান তামিম। সেখানে তিনি শাহ আলম শহরের একটি কনস্ট্রাকশন কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। প্রায় ১১ মাস আগে দেশে ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে যোগ দেন।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজ শেষে তামিম বহুতল ভবনের কাজ করছিলেন। একপর্যায়ে ভারসাম্য হারিয়ে ২৩ তলা থেকে নিচে পড়ে যান। প্রায় ১০ তলা উচ্চতায় পড়ার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মামা কাজল মাহমুদ বাপ্পি বলেন, বর্তমানে মরদেহ দেশে আনার জন্য সংশ্লিষ্ট কোম্পানি মালিক ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ চলছে।