
ফাইল ছবি
রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রোববার রাতে নির্বাচন ভবনে টানা নয় দিনের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইসি এসব কথা বলেন। তিনি বলেন, “আপিল শুনানিতে আমরা কোনো পক্ষপাত করিনি। স্বতন্ত্র প্রার্থীদের ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা চাই সবাই অংশগ্রহণে একটি সুন্দর নির্বাচন হোক।”
সিইসি আরও বলেন, “অনেকে আমাদের সমালোচনা করতে পারেন। তবে আমরা যে সিদ্ধান্তগুলো নিয়েছি, সেগুলো অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছে। আপনাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয়।”
তিনি আশ্বস্ত করে বলেন, “আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতমূলক রায় দেওয়া হয়নি।”
সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্ব প্রসঙ্গে সিইসি বলেন, “আপনারা প্রশ্ন করেছেন, জবাব দিয়েছেন- এটা আমাদের আলেম-ওলামাদের বাহাসের মতো। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাই। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রত্যাশা করি।”
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ঋণখেলাপিদের যাদের ছাড় দেওয়া হয়েছে, সেটা আমরা মনঃকষ্ট নিয়েই করেছি। তবে আইন যেহেতু অনুমতি দিয়েছে, তাই আমাদের তা করতে হয়েছে।”










































