
ছবি: সংগৃহীত
নির্বাচনী রাজনীতিতে পারস্পরিক সৌজন্য ও রাজনৈতিক শিষ্টাচারের দৃষ্টান্ত হিসেবে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সম্মানে কোনো প্রার্থী দিতে যাচ্ছে না জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোট।
রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোটের শীর্ষ নেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এ সিদ্ধান্তের কারণ জানান।
তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐক্য গঠনে মুফতি ফয়জুল করীমের অবদান এবং পারস্পরিক সৌহার্দ্য বিবেচনায় রেখে বরিশাল-৫ আসনে আমাদের জোটের প্রার্থী প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক ঐক্য শুধু আসন বণ্টনের বিষয় নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার সম্পর্কও।”
ডা. তাহের আরও জানান, শুরুতে ১১টি দল নিয়ে গঠিত নির্বাচনী জোটে বর্তমানে একটি দল আলাদা হলেও বাকি ১০টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফয়জুল করীম, তবে বরিশাল-৫ আসনে জামায়াত কোনো প্রার্থী দেবে না।
তিনি প্রশাসনিক বৈষম্য ও নিরাপত্তা বিষয়েও মন্তব্য করেন। বলেন, “একই জাতীয় পরিচয়পত্র নির্দিষ্ট নেতার জন্য দ্রুত তৈরি হলেও সাধারণ নাগরিকদের মাসের পর মাস অপেক্ষা করতে হয়, যা প্রশাসনিক ন্যায়ের পরিপন্থী। নিরাপত্তার জন্য আমরা আল্লাহর ওপর ভরসা করি, কোনো অতিরিক্ত নিরাপত্তা চাওয়া হয়নি।”
ডা. তাহের আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ, সমান নিরাপত্তা এবং প্রশাসনের সমান আচরণ নিশ্চিত করা হবে।















































