
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত ঢাকা-১১ আসনের বৈধ প্রার্থী। নির্বাচনের পূর্বে ওই আসনের গুরুত্বপূর্ণ স্থানে তাঁর বিশাল রঙিন বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বিলবোর্ডে ঢাকা-১১ উল্লেখের পাশাপাশি দেশ সংস্কারের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকার স্লোগান রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।
চিঠিতে আরও বলা হয়েছে, সংসদ নির্বাচনের তিন সপ্তাহ আগে কোনো নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে না। তাই আগামী ১৯ জানুয়ারি সকাল ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নাহিদকে একই দিনে সকাল ১১টার মধ্যে নিজে বা প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব জমা দিতে বলা হয়েছে, কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না।
ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ এসেছে। তারও একাধিক বিলবোর্ডে নিজের ছবি, আসনের পরিচয় এবং গণভোটে ‘হ্যাঁ’-স্লোগান ছিল, যা আচরণবিধি লঙ্ঘন বলে রিটার্নিং কর্মকর্তার নজরে এসেছে। তাকেও একইভাবে ১৯ জানুয়ারি সকাল ৯টার মধ্যে বিলবোর্ড অপসারণ এবং সকাল ১১টার মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








































