
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে তার বিচার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৯ জুলাই) নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচিতে এসব দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
তিনি বলেন, উপদেষ্টা থাকাকালে আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতিতে জড়িত ছিলেন এবং এখন নির্বাচন কমিশনে এসে হুমকির ভাষায় কথা বলছেন, যা গ্রহণযোগ্য নয়। নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান—এখানে কোনো চাপ সহ্য করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মের অভিযোগ করে নাছির উদ্দীন বলেন, ব্যালট বাসাবাড়িতে পাওয়া যাওয়ার ঘটনা ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের স্মৃতি ফিরিয়ে এনেছে। এ বিষয়ে নির্বাচন কমিশন অনিয়মের বিষয়টি স্বীকার করলেও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি বলে জানান তিনি।
এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের ভূমিকা নিয়েও সমালোচনা করে ছাত্রদল নেতা বলেন, ছাত্র সংসদ নির্বাচন ঘিরে তথ্য গোপন ও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। তিনি দাবি করেন, নির্বাচন আয়োজনে গঠিত কমিটির বেশিরভাগ সদস্য পদত্যাগ করায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন নাছির উদ্দীন নাছির।
















































