
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ সাত নেতার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আবেদন করেন। আবেদনে দলটির সাত শীর্ষ নেতা ও সংসদ সদস্য প্রার্থীর জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের অনুরোধ জানানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়।
ইসির নির্দেশনা অনুযায়ী, জামায়াতের যে সাত নেতা বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান; নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (সাবেক এমপি); এটিএম আজহারুল ইসলাম; সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার; নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান; সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি) এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
ইসির নির্দেশনায় আরো বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক নেতাদের চলাচল ও প্রচারণায় নিরাপত্তা নিশ্চিত করা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে দ্রুত সময়ের মধ্যে নির্দেশনাটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।
















































